এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি;
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়নের দৌলতপুর পূর্বপাড়া গ্রামের মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করে প্রশংসায় ভাসছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম।
স্থানীয়দের ভাষ্য, গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। বর্ষা মৌসুমে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে চলাচল করতেন। বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ অবস্থায় সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণের উদ্যোগ নেন মোহাম্মদ সাইফুল ইসলাম। তার এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশা, নির্মাণকাজ সম্পন্ন হলে হাজারো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে।
গ্রামবাসীরা বলেন, ব্যক্তিগত অর্থায়নে এমন জনকল্যাণমূলক উদ্যোগ বর্তমান সময়ে বিরল। তারা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তাটি নির্মাণের মাধ্যমে সাইফুল ইসলাম তাদের বহুদিনের প্রত্যাশা পূরণ করেছেন।
মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “দৌলতপুর পূর্বপাড়াবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘবে সামান্য ভূমিকা রাখতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। মানুষের সেবা করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। এই রাস্তা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, এটি সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা।”
তিনি আরও বলেন, “জনগণের সমর্থনে আমি যদি চক মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো ইউনিয়নকে একটি আধুনিক, স্মার্ট ও মডেল ইউনিয়নে পরিণত করতে কাজ করব। জনগণকে সঙ্গে নিয়ে একটি দুর্নীতিমুক্ত, সেবামুখী ও উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
স্থানীয়দের মতে, সাইফুল ইসলামের এই উদ্যোগ শুধু একটি রাস্তা নির্মাণ নয়; এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও তিনি এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখে ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন এলাকাবাসী।

