দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) বর্তমানে শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিক সংকটেও রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তার মতে, প্রয়োজনীয় সংস্কার ও সদস্য রাষ্ট্রগুলোর আন্তরিক সহযোগিতা নিশ্চিত করা গেলে সার্ক বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সার্ককে পুনরায় একটি কার্যকর, বাস্তবমুখী ও ফলপ্রসূ আঞ্চলিক সংস্থায় পরিণত করতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সংস্থাটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার এবং কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সার্কভুক্ত প্রতিটি দেশের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ। তার দাবি, সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
শামা ওবায়েদ আরও বলেন, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করতে ভবিষ্যতেও সার্কের পাশাপাশি বিমসটেককেও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চায় বাংলাদেশ।

