এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের এক বক্তব্যের কড়া সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রোববার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অলি আহমেদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের অভিযোগ তোলেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেন, সমালোচনা সহ্য করতে না পেরে কর্নেল অলি আহমেদ তাঁর বাবা-মাকে জড়িয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন, তা একজন বর্ষীয়ান নেতার আচরণের সঙ্গে মানানসই নয়। অলি আহমেদের এই বক্তব্যকে ‘ঘৃণ্য’ অ্যাখ্যা দিয়ে তিনি বলেন, এই ধরনের মন্তব্য তাঁর নীতি-নৈতিকতারই বহিঃপ্রকাশ এবং এতে তাঁর ন্যূনতম সম্মান পাওয়ার যোগ্যতাও নষ্ট হয়েছে।
অলি আহমেদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে রাশেদ খান আরও উল্লেখ করেন, এক সপ্তাহের মধ্যে বিএনপি সরকারের পতন ঘটার হুমকি সংক্রান্ত একটি সংবাদের পর তিনি (রাশেদ খান) কেবল গোয়েন্দা সংস্থার কথিত এজেন্টের সঙ্গে অলি আহমেদের সখ্যতা ও লেনদেনের বিষয়টি সামনে এনেছিলেন, যা পূর্বে প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
একইসঙ্গে রাশেদ খান তাঁর বিরুদ্ধে ওঠা ‘র’ বা ‘মোসাদ’-এর এজেন্ট সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন, বিগত সময়ে তাঁরা যখন আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম ও মামলা-হামলার শিকার হয়েছেন, তখন অলি আহমেদ বিরোধীদের আন্দোলন ব্যর্থ করার নানা কৌশলে যুক্ত ছিলেন। এছাড়া জামায়াতকে সুবিধা দেওয়ার লক্ষ্যে বিএনপি থেকে অতিরিক্ত আসন দাবি করার বিষয়েও পোস্টে মন্তব্য করেন তিনি।

