সত্যজিৎ দাস:
সিলেট নগরের খাদিমনগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এ সময় নকল সিগারেট অবৈধভাবে মজুদ ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে এক দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত র্যাব-৯,সিপিএসসি সিলেট এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমনগর এলাকার শাহপরাণ গেটসংলগ্ন ‘বালাজি স্টোর’ নামের একটি মুদিদোকানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দোকান থেকে মোট ১ হাজার ২৭৪ প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১ হাজার ৯২০ টাকা।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানের মালিক বকুল দেবনাথ (৬৯)-কে নকল সিগারেট অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
র্যাব-৯ জানায়,ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা,নকল ও ভেজাল পণ্য প্রতিরোধ এবং বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

