রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৮ জুন) স্থানীয় সরকার বিভাগের পাঠানো একটি সারসংক্ষেপের ওপর মন্তব্যের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রস্তাবে বলা হয়েছিল, সিগনিফাই বাংলাদেশের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার (এএলএসি) পরিদর্শন এবং স্ট্রিট লাইটিংয়ের বিদ্যুৎ–সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে প্রশাসক ও একজন নির্বাহী প্রকৌশলীর সফরের পরিকল্পনা ছিল।
তবে সিদ্ধান্তে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রকৌশলীদের অংশগ্রহণই যথাযথ। প্রশাসক প্রকৌশলী না হওয়ায় তার সফর অপরিহার্য নয়। প্রয়োজনে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী সফরে যেতে পারেন বলে মত দেন তিনি।
এছাড়া ভবিষ্যতে এ ধরনের প্রকল্পে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
এর আগেও বিভিন্ন সিটি করপোরেশনের বিদেশ সফর প্রস্তাব এ ধরনের যুক্তিতে নাকচ করা হয়েছিল বলে জানা গেছে।

