নতুন সরকারের প্রথম ১০০ দিনের অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, টিআইবির প্রতিবেদন মূলত সংবাদপত্রের কাটিংয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয় এবং এতে কোনো নিজস্ব তদন্ত নেই। তাই এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।
মন্ত্রী আরও বলেন, টিআইবি কোনো সরকারি সংস্থা নয়। প্রকৃত অপরাধ পরিস্থিতি জানতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগের নিয়মিত পরিসংখ্যান অনুসরণ করা উচিত।
তিনি দাবি করেন, মন্ত্রণালয়ের মাসভিত্তিক অপরাধ পরিসংখ্যানে খুন, ডাকাতি ও ধর্ষণের মতো অপরাধ নিয়ন্ত্রণে অগ্রগতি দেখা যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে অপরাধ কমেছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তি, উদ্ধার অভিযান ও পেশাদার দায়িত্ব পালনের জন্য ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

