রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বারোমাসি বিল এলাকা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চ ল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়েছে বলে মনে হচ্ছে। পুলিশের তৎপরতায় এই রহস্য উন্মোচিত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নিহত শফিকুল ইসলাম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলেকপুর গ্রামের বাসিন্দা এবং পুরাতন মোবাইল ও ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ী ছিলেন।
পুলিশের তদন্তে জানা যায়, ব্যবসায়িক সাফল্য ও আর্থিক লাভকে কেন্দ্র করে পূর্বপরিচিত কয়েকজনের মধ্যে লোভ ও প্রতিহীংশার সৃষ্টি হলে পূর্বপরিকল্পিতভাবে শফিকুল ইসলামকে হত্যা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার জয়নুল (৩৫) এবং মান্দা উপজেলার আশরাফুল (২৬)। মামলার আরও এক আসামি বর্তমানে পলাতক রয়েছে।
পুলিশ জানায়, গত ৮ জুন কৌশলে শফিকুলকে ডেকে নিয়ে বারোমাসি বিল সংলগ্ন পারঘাটি ব্রিজ এলাকায় হত্যা করা হয়। পরে মরদেহ কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। গত বৃহস্পতিবার মরদেহ উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ তদন্ত টিম আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম ও চলমান রয়েছে বলে জানা যায় ।

