কুড়িগ্রাম প্রতিনিধি:
“থাকলে ইচ্ছা ও মনোবল, ঘটবে না মাদকের ছোবল” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় এর আয়োজনে মাদক বিরোধী ভলিবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে এ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
এ ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (অ: দ:) আব্দুর রশিদ, ডেপুটি কো-অর্ডিনেটর জামিল চৌধুরী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্-নেওয়াজ।
উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মোট অংশগ্রহণকারী দলের সংখ্যা ৮টি। তিন ধরে চলবে এ ভলিবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় অংশ গ্রহনকারী দল গুলো হলো: গ্রীন ভিলেজ স্পোর্টস ক্লাব (এম. রশিদ আলী) বনাম কুড়িগ্রাম জেলা যুব ফোরাম (সবুজ মিয়া) ও ভোগডাঙ্গা যুব ক্রীড়া সংস্থা (গনি মিয়া) বনাম বেলগাছা যুব ক্রীড়া সংস্থা (রাফি ইসলাম)।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, মাদক মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাকে ধ্বংস করে দেয়। পারিবার ও সামাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করে দিয়ে অপরাধ বাড়ায়। এটি কেবল একজন ব্যক্তি কিংবা শুধু পরিবারের ক্ষতির কারণ নয়, বরং এটি একটি জাতীয় সমস্যা।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার বিকল্প নেই। তাই মাদকমুক্ত সমাজ গঠনে যুবক ও তরুণদেরকে বেশী বেশী বিভিন্ন সামাজিক কর্মকান্ড সহ খেলাধুলায় সম্পৃক্ত করার আহবান জানান।

