হাঙ্গেরিতে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও তার দল বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে। পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছে পিটার মাজিয়ার-এর নেতৃত্বাধীন তিসজা পার্টি।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন-এর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত অরবান এই নির্বাচনে হেরে গেছেন।
যদিও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয়নি, তবুও পরাজয় স্বীকার করে ইতোমধ্যেই পিটার মাজিয়ারকে অভিনন্দন জানিয়েছেন অরবান। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পিটার জানান, অরবান তাকে ফোন করে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।
ভোট গণনার সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ৯৮ শতাংশ ভোট গণনা শেষে তিসজা পার্টি ১৩৮টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে অরবানের দল ফিদেজ পেয়েছে ৫৫টি আসন এবং কট্টর ডানপন্থি আওয়ার হোমল্যান্ড পেয়েছে ৬টি আসন। মোট ১৯৯টি আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিজয়ের পর রাজধানী বুদাপেস্টে সমর্থকদের সঙ্গে উদ্যাপনে যোগ দেন পিটার মাজিয়ার। তিনি বলেন, এই ফলাফলের মাধ্যমে ভোটাররা নতুন ইতিহাস তৈরি করেছেন এবং দেশের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করেছেন।
অন্যদিকে অরবান এই ফলাফলকে ‘বেদনাদায়ক’ উল্লেখ করে বলেন, জনগণ এবার তাদের শাসনের দায়িত্ব দেয়নি। তবে বিরোধী দল হিসেবে দেশ ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

