সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রকাশিত ৩৬ জন মনোনীত প্রার্থীর তালিকায় তাঁর নাম নিশ্চিত করা হয়।
ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের পরিচিত মুখ। তিনি বিএনপির সাবেক প্রতিমন্ত্রী, প্রয়াত অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তাঁর মনোনয়ন তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,তাঁর পিতা যেভাবে আজীবন মানুষের সেবায় নিয়োজিত ছিলেন,তিনিও সেই আদর্শ অনুসরণ করে বড়লেখা,জুড়ীসহ পুরো জেলার উন্নয়নে কাজ করতে চান। এ পথচলায় সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
এদিকে বড়লেখা উপজেলার ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত হওয়ায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন আড্ডায় এখন তাঁকে ঘিরেই আলোচনা চলছে। অনেকের মতে,এ মনোনয়নের মাধ্যমে দীর্ঘদিনের একটি শূন্যতা পূরণ হলো।
উল্লেখ্য,গত ১৭ এপ্রিল থেকে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রক্রিয়ায় সাত শতাধিক আবেদন জমা পড়ে।
আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে প্রতি ছয়জন সাধারণ সংসদ সদস্যের বিপরীতে একটি আসন বণ্টন করা হবে। সে হিসেবে বিএনপি জোট পাবে ৩৬টি,জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা পাবে ১টি আসন।

