দেশে জুয়া ও বেটিং কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার দশম বৈঠকে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনটির খসড়া উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
খসড়ায় বলা হয়েছে, প্রযুক্তির অগ্রগতির ফলে অনলাইন ও অফলাইনে বিভিন্ন ধরনের জুয়া কার্যক্রম দ্রুত বিস্তার লাভ করছে। জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা হ্রাস এবং আর্থসামাজিক ও মানসিক ক্ষতি প্রতিরোধে বিদ্যমান আইন আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন আইনের মাধ্যমে ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ সংশোধন ও হালনাগাদ করে যুগোপযোগী আইনগত কাঠামো গড়ে তোলা হবে। এতে জুয়া খেলা, অনলাইন ও দূরবর্তী জুয়া, বেটিং, বুকমেকার, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংসহ বিভিন্ন বিষয়ে সুস্পষ্ট সংজ্ঞা যুক্ত করা হয়েছে।
এছাড়া অপরাধের ধরন অনুযায়ী অর্থদণ্ড, কারাদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

