দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এ বিষয়ে মন্তব্য করেছেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”
তার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী মন্তব্যে জানান, তাদের বিদ্যুৎ বিলও আগের তুলনায় অনেক বেশি এসেছে।
এদিকে কেউ কেউ বিদ্যুৎ বিল নির্ধারণের প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানান। আবার অনেকেই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।

