মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি প্রচার না করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মঙ্গলবার (৪ আগস্ট) এক তথ্য বিবরণীতে মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট গণহত্যা মামলার পলাতক আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন। সেই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।
তথ্য বিবরণীতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আইনি বাধ্যবাধকতা বজায় রাখতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি প্রচার থেকে বিরত থাকা প্রয়োজন।
সরকার জানায়, দণ্ডিত আসামির পূর্বে দেওয়া বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে সরানো, প্রচার বন্ধ এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিও দেশের নিরাপত্তার স্বার্থে আইন অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার বিষয়ে গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে।
তথ্য মন্ত্রণালয় বলেছে, কিছু গণমাধ্যম আদালতের নির্দেশনা অনুসরণ করলেও কয়েকটি গণমাধ্যম এখনো দণ্ডিত আসামির বক্তব্য প্রচার করছে, যা নিয়ে সরকার উদ্বেগ প্রকাশ করেছে।
একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

