ভারতের সংসদীয় রাজনীতিতে বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে নরেন্দ্র মোদি সরকার। নারী আসন সংরক্ষণ ও লোকসভা-র আসন সংখ্যা বৃদ্ধির সংশোধনী বিল পাস হয়নি।
শুক্রবার (১৭ এপ্রিল) লোকসভায় ভোটাভুটিতে বিলটির পক্ষে ২৯৮ জন সদস্য ভোট দিলেও বিপক্ষে ভোট পড়ে ২৩০টি। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় বিলটি বাতিল হয়ে যায় বলে জানিয়েছে দ্য হিন্দু।
প্রস্তাবিত বিলের লক্ষ্য ছিল ২০২৯ সাল থেকে আইনসভায় নারী কোটা কার্যকর করা এবং লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি করা। তবে বিলটি পাস না হওয়ায় এ সংক্রান্ত আরও দুটি উদ্যোগ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, একটি গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে ঐকমত্য গড়ে তোলার সুযোগ হাতছাড়া হয়েছে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে প্রতিনিধিত্বের ভারসাম্য আনা সম্ভব।
বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বিলটির তীব্র সমালোচনা করে বলেন, এটি নারী সংরক্ষণের উদ্যোগ নয়; বরং দেশের নির্বাচনী মানচিত্র পরিবর্তনের একটি প্রচেষ্টা। তার মতে, এতে দক্ষিণ ভারত, উত্তর-পূর্বাঞ্চল ও ছোট রাজ্যগুলোর প্রতিনিধিত্ব কমে যেতে পারে।

