সত্যজিৎ দাস:
“সুস্থ শ্রমিক,কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন,হবিগঞ্জ এবং বিভাগীয় শ্রম দপ্তর,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) এর উদ্যোগে শুক্রবার (০১ মে) একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় হুইপ আলহাজ্ব মো. জি কে গউস।
তিনি তার বক্তব্যে বলেন,দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। শ্রমিকদের অধিকার,নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মো. আবুল হাসেম (রুটিন দায়িত্ব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জনাব মো. তারেক মাহমুদ এবং সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং একটি নিরাপদ,মানবিক ও টেকসই কর্মপরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন।

