সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের চাবুয়া গ্রামে নদীতীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, রাতের আঁধারে নদীসংলগ্ন জমি ও কবরস্থানের পাশ থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে পাশের ইটভাটায় নেয়া হচ্ছে। এতে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে এবং কয়েকটি কবর ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে নদীতীরবর্তী এলাকায় বড় বড় গর্ত ও ধসে পড়া পাড় দেখা যায়। স্থানীয়রা জানান, নদীর পাড়ের গাছ কেটে ফেলায় মাটি ধরে রাখার শক্তি কমে গেছে। জোয়ারের সময় তীব্র স্রোতে পাড় আরও ভেঙে পড়ছে। তারা অভিযোগ করেন, বাচ্চু নামের এক ব্যক্তির নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই মাটি কাটা চলছে।
এলাকাবাসী আরও জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। প্রভাবশালীদের ভয়ে অনেকে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না।
বিশেষজ্ঞদের মতে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নদীতীর ও কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। দ্রুত ব্যবস্থা না নিলে চাবুয়া গ্রামের বড় অংশ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

