বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপপর্বের তিন ম্যাচে চার গোল করার পাশাপাশি সতীর্থদের গোল করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার আলোচনায় এসেছে ম্যাচের আগে তার আনারস খাওয়ার অভ্যাস।
ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ-এর এক প্রতিবেদনের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অনেকেই জানতে চান, ম্যাচ বা অনুশীলনের আগে আনারস খাওয়া কি সত্যিই খেলোয়াড়ের পারফরম্যান্স বাড়াতে সাহায্য করে, নাকি এটি কেবল ভিনিসিয়াসের ব্যক্তিগত রুটিন।
মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচের আগে ভিনিসিয়াসকে আনারস খেতে দেখা যায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সমর্থক মজা করে বলতে শুরু করেন, তার গোলের পেছনে হয়তো আনারসেরও কিছু ভূমিকা রয়েছে।
তবে এটি নতুন কোনো অভ্যাস নয়। ২০২৪ সালে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগেও আনারস খেয়েছিলেন ভিনিসিয়াস। সেই ম্যাচেই প্রথমার্ধে হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে শিরোপা জিততে বড় ভূমিকা রাখেন তিনি। এরপর থেকেই অনেক ভক্তের কাছে আনারস যেন তার ‘লাকি ফুড’ হিসেবে পরিচিতি পায়।
তবে ক্রীড়া পুষ্টিবিদদের মতে, আনারসকে পারফরম্যান্স বাড়ানোর জাদুকরি খাবার বলা যাবে না। আল আহলির প্রধান পুষ্টিবিদ নেসান কস্তেলো জানান, কয়েক টুকরো আনারসে খুব অল্প পরিমাণ কার্বোহাইড্রেট ও পানি থাকে। অথচ একটি ফুটবল ম্যাচের আগে এবং চলাকালে একজন খেলোয়াড়ের শরীরে এর চেয়ে অনেক বেশি শক্তি ও তরলের প্রয়োজন হয়।
বিশেষজ্ঞদের মতে, ভিনিসিয়াসের সাফল্যের মূল রহস্য কোনো নির্দিষ্ট ফল নয়। বরং নিয়মিত অনুশীলন, বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, উন্নত ফিটনেস, মানসিক প্রস্তুতি এবং মাঠে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাই তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

