হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানাপোড়েন ফের চরম উত্তেজনার দিকে মোড় নিয়েছে। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ (আইআরজিসি) ঘোষণা করেছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে কার্যত এটি আবারও বন্ধ করা হয়েছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে। তিনি বলেন, ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত এই অবরোধ অব্যাহত থাকবে।
আইআরজিসির দাবি, ইরানি বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের প্রতিক্রিয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষিতে প্রণালিটি আংশিকভাবে উন্মুক্ত করার ইঙ্গিত দেওয়া হলেও, বর্তমান পরিস্থিতিতে তেহরান আবারও কঠোর অবস্থানে ফিরে গেছে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
বর্তমান পরিস্থিতিতে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান বৈশ্বিক কূটনৈতিক অস্থিরতা আরও বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

