সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬” উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব মোঃ আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ নুরুল আলম সিদ্দিকী এবং শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক জনাব মোঃ শামীম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) জনাব মোঃ মহিবুল্লাহ আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) মোঃ মহিবুল্লাহ আকন বলেন,ভূমি সেবা এখন আগের তুলনায় অধিক সহজ,স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হয়েছে। ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ একসঙ্গে বিভিন্ন ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। তিনি দালালমুক্ত পরিবেশে সরাসরি ভূমি অফিস থেকে সেবা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন,জনগণের ভোগান্তি কমানো এবং দ্রুত সেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ নুরুল আলম সিদ্দিকী বলেন, ভূমি সংক্রান্ত সেবা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই হয়রানিমুক্ত ও সহজ ভূমি সেবা নিশ্চিত করা সময়ের দাবি। তিনি ভূমি সেবা মেলার আয়োজনকে জনবান্ধব উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন,এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন এবং ভূমি সেবা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান,তথ্য সহায়তা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। তিন দিনব্যাপী এ মেলায় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

