সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে নৌপথে ট্রলারযোগে পাচারকালে বিদেশি মদ, জিরা ও ফুসকার চালান জব্দ করেছে নৌ পুলিশ। এ ঘটনায় বিএনপি নেতার ভাতিজাসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৭ মে) কিশোরগঞ্জ অঞ্চলের লিপসিয়া নৌ পুলিশ অভিযান চালিয়ে ধনু নদী থেকে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে দেলোয়ার হোসেন, একই গ্রামের মৃত হালিম উদ্দিনের ছেলে আব্দুস সালাম এবং পাশের সোনাপুর গ্রামের রজব আলীর ছেলে হারিছ উদ্দিন।
গ্রেফতার দেলোয়ার হোসেন স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সামছুল হক সামছুর ভাতিজা বলে জানা গেছে।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, তাহিরপুরের চারাগাঁও–বাগলী সীমান্ত এলাকা থেকে ট্রলারে করে ৮০ বোতল বিদেশি মদ, ৬০ কেজি জিরা এবং ৭৫ কেজি ফুসকা (খাদ্যসামগ্রী) কিশোরগঞ্জের দিকে নেওয়া হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে লিপসিয়া নৌ পুলিশের ইন্সপেক্টর জগত জ্যোতির নেতৃত্বে অভিযান চালিয়ে ধনু নদী থেকে চোরাচালানকৃত এসব মালামালসহ তিনজনকে আটক করা হয়।
পরে তাদের খালিয়াজুড়ি থানায় সোপর্দ করা হয় এবং নৌ পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

