লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য মোঃ ফরিদুল কবির তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বড় পর্দায় প্রধানমন্ত্রীর ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় উপস্থিত অতিথি, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষার্থী ও সাধারণ সেবাগ্রহীতারা অনুষ্ঠানটি উপভোগ করেন।
পরে বেলুন উড়িয়ে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সেবাসমূহ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, ভেটেরিনারি সার্জন ডা. সুলতান মাহমুদ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ ছামসুল হক, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহম্মদ, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীরসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
আগামী ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় ভূমি মালিকদের দুর্ভোগ লাঘবে নামজারি, খাজনা প্রদান, ভূমি সংক্রান্ত তথ্য ও পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

