আব্দুর রাজ্জাক, জয়পুরহাট প্রতিনিধি:
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে শহরের আটারমোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা পাঁচুর মোড়ের দিকে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
একপর্যায়ে বিক্ষোভকারীরা পাঁচুর মোড়ে সড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়ে করা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

