মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে কারেন্ট জাল সংরক্ষণের দায়ে সুজন শেখ নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার পশ্চিম বালিয়াকান্দির সাধুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সুজন শেখের বসতবাড়ি থেকে ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। অবৈধ জাল সংরক্ষণের দায়ে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারের ফলে মাছের ডিম, পোনা ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হয়, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। দেশের জলজ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

