সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘হলদে পাখি কার্নিভাল-২০২৬’। শিশুদের নেতৃত্ব, নৈতিক মূল্যবোধ, দলগত চেতনা এবং পরিবেশ সচেতনতা গড়ে তুলতে আয়োজিত এ কার্নিভালে দিনব্যাপী ছিল নানা আয়োজন।
মঙ্গলবার (২১ জুলাই) শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে কার্নিভালের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।
উদ্বোধনের পর জেলা প্রশাসক কার্নিভালে অংশ নেওয়া বিভিন্ন হলদে পাখি ঝাঁক পরিদর্শন করেন এবং শিশুদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি অংশগ্রহণকারী শিশুদের ব্যাজ পরিয়ে উৎসাহিত করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ, গাইডার, অভিভাবক এবং বিপুলসংখ্যক হলদে পাখি অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজনে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম, সেবামূলক মনোভাব এবং পরিবেশ সচেতনতা বিষয়ে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান,এ ধরনের আয়োজন শিশুদের নৈতিক শিক্ষা, নেতৃত্বের গুণাবলি, দলগত কাজের মানসিকতা এবং সমাজসেবার চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণচাঞ্চল্যে ‘হলদে পাখি কার্নিভাল-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

