দেশের স্বাস্থ্য খাতকে আরও আধুনিক ও জনমুখী করতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বুধবার (২২ এপ্রিল) রাজধানীতে আয়োজিত ‘চায়না-ডোনেটেড মোবাইল মেডিকেল ভেহিকল হস্তান্তর অনুষ্ঠান’-এ তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াও ওয়েন এবং স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এ সময় চীনের উপহার হিসেবে দেওয়া ভ্রাম্যমাণ মেডিকেল ভেহিকলগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়।
প্রতিমন্ত্রী জানান, এসব ভ্রাম্যমাণ চিকিৎসা যান দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও মৃত্যুহার কমাতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, গত বছরগুলোতে স্বাস্থ্য খাতে নানা ধরনের চ্যালেঞ্জ ছিল, তবে বর্তমান সরকার এ খাতকে পুনর্গঠন ও সংস্কারের মাধ্যমে আরও শক্তিশালী করতে কাজ করছে।
এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয় বলেও জানান তিনি।

