আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবিষয় যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। এর মাধ্যমে শিক্ষাক্রমে ধাপে ধাপে পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু হচ্ছে।
সোমবার সচিবালয়ে শিক্ষা খাতের ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সেখানে জানানো হয়, চতুর্থ শ্রেণিতে নতুনভাবে ‘ক্রীড়া’ ও ‘সংস্কৃতি’ বিষয় যুক্ত করা হবে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণিতে চালু করা হবে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামের দুটি নতুন বিষয়, যা বাধ্যতামূলক থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় বলছে, এসব পরিবর্তনের লক্ষ্য শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা, নৈতিকতা এবং সৃজনশীলতা বৃদ্ধি করা। একই সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থাও নতুন কোর্সের সঙ্গে সমন্বয় করা হবে।
কর্তৃপক্ষ আরও জানায়, সম্পূর্ণ নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৮ সাল থেকে। তবে তার আগেই ধাপে ধাপে পাঠ্যসূচিতে পরিবর্তন ও পরিমার্জন আনা হবে।

