মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুল বারেক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়নের গোয়েন্দা শাখায় কর্মরত সদস্য মাজহারুল ইসলাম আকাশের বাবা।
রোববার (৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর চন্দ্রপাড়া সড়কের দুর্বারচর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে গৌরীপুর থানা পুলিশ।
নিহতের স্বজনরা জানান, রাতের দিকে চা পানের উদ্দেশ্যে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের স্থানীয় বয়রা বাজারে যান আব্দুল বারেক। বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বারচর মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তারা বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশের একটি ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।
স্বজনদের দাবি, ঘটনার কিছুক্ষণ পর আব্দুল বারেকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার মেয়ের নম্বরে কল করে একজন অজ্ঞাত ব্যক্তি বলেন, “আমরা তোমার বাবাকে মারতে চাইনি।” খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা আরও জানান, মৃত্যুর আগে আব্দুল বারেক তাদের কাছে স্থানীয় কয়েকজন যুবকের নাম উল্লেখ করে জানান, তারাই তাকে ছুরিকাঘাত করেছে।
নিহতের ছেলে বিজিবি সদস্য মাজহারুল ইসলাম আকাশ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, ছিনতাইয়ের উদ্দেশ্যে বাবার পথরোধ করা হয়েছিল। তবে তিনি হামলাকারীদের চিনে ফেলায় তারা তাকে ছুরিকাঘাত করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়।”
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

