শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালী-ফেনী আঞ্চলিক ডিপোতে ল্যাবএইড ফার্মার প্রায় ২০ জন কর্মচারীকে চাকরিচ্যুত করার প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে টানা ৫ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ কর্মচারীরা।
সোমবার দুপুরে নোয়াখালী জেলা শহরের হাউজিং রোডে ল্যাবএইড ফার্মার ডিপোর সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। গত ২ জুলাই থেকে শুরু হওয়া এ কর্মসূচির ফলে ডিপোর কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়েছে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- ল্যাবএইড ফার্মার সিনিয়র এমপিও রাহুল দাস, মো. আরিফ হোসেন, মো. রাসেল, সিনিয়র এরিয়া ম্যানেজার মো. জাকির হোসেন প্রমূখ।
আন্দোলনরত কর্মচারীরা বলেন, হঠাৎ করে নিয়ম বহির্ভূতভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। প্রতিবাদে তারা ডিপোর সামনে অবস্থান নিয়ে ১১ দফা দাবি উত্থাপন করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
কর্মচারীদের উত্থাপিত ১১ দফা দাবির মধ্যে রয়েছে- চাকরিচ্যুত সকল কর্মীকে ক্ষতিপূরণ হিসেবে এক বছরের পূর্ণ বেতন-ভাতা প্রদান, প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত অর্থের দ্বিগুণ পরিশোধ, ছাঁটাইকৃত কর্মীদের চার মাসের মূল বেতন নোটিশ পে হিসেবে প্রদান, চাকরির মেয়াদ অনুযায়ী গ্র্যাচুইটি প্রদান এবং অর্জিত ছুটির অর্থ পরিশোধ।
এছাড়া, যারা স্বেচ্ছায় চাকরি ছাড়তে ইচ্ছুক তাদেরকেও একই সুবিধা প্রদান, গত জুন মাসের সেলসের বিপরীতে সকল ডোনেশন নগদে পরিশোধ, বাজারে বকেয়া বিক্রয়ের দায় কোম্পানিকে বহন করা এবং কোনো কর্মীর ওপর অন্যের বকেয়া চাপিয়ে না দেওয়ার দাবি জানানো হয়েছে।
দাবির মধ্যে আরও রয়েছে সকল কর্মীকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান, সাত দিনের মধ্যে সব পাওনা পরিশোধ এবং দাবি মেনে নেওয়া হলে কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত অঙ্গীকার প্রদান করতে হবে।

