তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা শহরে বহিস্কৃত যুবদল নেতা জাহিন শেখ (৩৩)কে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে এবং বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।আহত জাহিন শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন এলাকার মৃত রজব আলীর ছেলে।তিনি জেলা যুবদলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি দল থেকে বহিষ্কৃত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে জাহিন শেখকে ফোন করে হোমিওপ্যাথি কলেজ এলাকায় ডেকে নেয় দুর্বৃত্তরা। সেখানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, হাসপাতালে আনার সময় জাহিন শেখের বাম হাতের কবজি বিচ্ছিন্ন ছিল। বাম পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা বলেন, ‘জাহিন শেখ ও অভিযুক্তরা আগে একসঙ্গে চলাফেরা করতেন। অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

