ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ২ নং চর ঝাউকান্দ ইউনিয়নের চর গোপালপুর ভাটার এলাকায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিবৃষ্টির কারণে এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে। এছাড়া চর গোপালপুর জামে মসজিদের সামনের সড়কের একটি অংশ ভেঙে যাওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কয়েকদিনের টানা বৃষ্টিতে এলাকার অধিকাংশ বাড়িঘর ও রাস্তাঘাট জলাবদ্ধ হয়ে পড়েছে। ফলে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারছেন না। শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন।
এদিকে জলাবদ্ধতার কারণে এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। পাশাপাশি শুকনো খাবারেরও অভাব দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত এবং দুর্গত মানুষের জন্য শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ২ নং চর ঝাউকান্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা (বদু) বলেন, টানা বৃষ্টিতে গোপালপুর চর ভাটার এলাকার দুটি সড়ক পানিতে তলিয়ে গেছে এবং গোপালপুর জামে মসজিদের সামনের সড়কের একটি অংশ ভেঙে পড়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পানি কমে গেলে দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দুর্গত মানুষের জন্য শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।
স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত, জলাবদ্ধতা নিরসন এবং দুর্গত পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

