সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে মাস্টার রোলে দুইজন ক্লিনার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে চিকিৎসক সংকট, ঔষধ ও টিকার সরবরাহ,রোগীদের খাবারের মান এবং হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মুজিবুর রহমান চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন;উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন,শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেলাল আহমেদ,যুবদল নেতা শাহিন আহমেদ ও রুমেল খান,এনজিও পরিচালক আজাদ আহমেদ,মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমেদসহ হাসপাতালের চিকিৎসক,কর্মকর্তা ও কর্মচারীরা।
সভায় ডা. সিনথিয়া তাসমিন হাসপাতালের চিকিৎসক,টিকা,ঔষধ ও পরিচ্ছন্নতাকর্মীর সংকট তুলে ধরেন। পাশাপাশি প্রসূতি মায়েদের স্বাভাবিক প্রসবের হার বৃদ্ধিতে হাসপাতালের সাফল্য এবং চলমান কার্যক্রমের অগ্রগতির তথ্য উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন,হাসপাতালের চিকিৎসক সংকটসহ বিভিন্ন সমস্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
সভায় হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মাস্টার রোলে দুইজন ক্লিনার নিয়োগের সিদ্ধান্ত হয়। তাদের প্রত্যেকের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। এর মধ্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী মাসিক ৪ হাজার টাকা প্রদান করবেন। বাকি ৬ হাজার টাকা ব্যবস্থাপনা কমিটির সদস্য মহিউদ্দিন, সৈয়দ আবু জাফর সালাউদ্দিন,ইয়াছিন আরাফাত রবিন,মো. বেলাল আহমেদ,শাহিন আহমেদ ও আজাদ আহমেদ এক হাজার টাকা করে বহন করবেন।
সভায় রোগীদের জন্য সরবরাহ করা রুটিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অভিযোগ এবং হাসপাতালে কুকুরের উপদ্রব নিয়েও আলোচনা হয়।
এ বিষয়ে ডা. সিনথিয়া তাসমিন জানান,”রুটির বাইরের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল। তবে রোগীদের মধ্যে বিতরণের সময় মূল মোড়ক খুলে ফেলার কারণে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।”
এছাড়া কুকুর ও বিড়াল যাতে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে না পারে,সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। রোগীদের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সরবরাহকৃত খাবারের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না বলেও সভায় কঠোর তদারকির নির্দেশ দেন প্রধান অতিথি।

