আহমেদ মুনহা, চবি প্রতিনিধি
চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের ঘটনার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রদল ও ছাত্রশিবির পৃথক বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে দুই সংগঠনই ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে। রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদল। মিছিলটি সোহরাওয়ার্দী মোড়, আলাওল হল হয়ে ২ নম্বর গেটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের নেতারা।
বিক্ষোভ শেষে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ‘গুপ্ত শিবির’ হামলা চালিয়েছে। তিনি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ জন কর্মী জীবন দিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের রাজনীতি প্রতিহত করা হবে।
অন্যদিকে, রাত সাড়ে ১০টার দিকে জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রশিবির। তাদের মিছিল সোহরাওয়ার্দী মোড়, আলাওল হল, এ এফ রহমান হল ও নিরাপত্তা দপ্তর এলাকা ঘুরে পুনরায় জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি পালনকালে আবারও হামলার শিকার হয়েছেন তারা। তিনি অভিযোগ করেন, বিভিন্ন কলেজ থেকে ‘ছাত্র নামধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ’ এনে এ হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও চাঁদাবাজি চায় না। পাশাপাশি তিনি রাজনৈতিক বক্তব্যে বলেন, বর্তমান সরকারের নীতি ও অতীত রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও প্রশ্ন তোলেন।
চট্টগ্রাম সিটি কলেজের ঘটনার পরিপ্রেক্ষিতে চবি ক্যাম্পাসে এ দুই ছাত্রসংগঠনের পৃথক বিক্ষোভ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

