২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ঘটে এক গুরুত্বপূর্ণ ঘটনা। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এ সময় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরসহ আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় ও স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সোমবার বিকেল পৌনে ৪টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে আগুন জ্বলতে দেখা যায়। এর আগে রাজধানীর ধানমন্ডি ও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। একই দিন বিকেলে বিজয় সরণিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনাও ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একদল মানুষকে হাতুড়ি দিয়ে ভাস্কর্য ভাঙার চেষ্টা করতে দেখা যায়।
শেখ হাসিনার দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পর লাখো মানুষ রাস্তায় নেমে আসে। বিভিন্ন স্থানে বিজয় মিছিলের পাশাপাশি কিছু স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের একাংশ গণভবনে প্রবেশ করে এবং সেখানে লুটপাটের ঘটনাও ঘটে। এর মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে ১৫ বছর রাষ্ট্রক্ষমতায় থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শাসনামলের অবসান ঘটে। জানা যায়, ওই দিন দুপুর আড়াইটার দিকে তিনি দেশ ত্যাগ করেন।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর তিন শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হলো।

