সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আরোপিত বিধিনিষেধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, অতীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধের সিদ্ধান্ত যেমন গণতান্ত্রিক ছিল না, তেমনি বর্তমানেও কারও বক্তব্য প্রচারে বাধা দেওয়া সমর্থনযোগ্য নয়।
বুধবার (৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের পরিধি অনেক বিস্তৃত। শুধু নির্দিষ্ট কয়েকটি সংবাদমাধ্যম নয়, মানুষ বিভিন্ন মাধ্যমে তথ্য গ্রহণ করছে। তাই কারও বক্তব্য পুরোপুরি বন্ধ করে দেওয়া বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং দেশের রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের ভূমিকা রয়েছে। বিভিন্ন বিষয় বিবেচনায় তাঁর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে ব্যক্তিগত মত প্রকাশ করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এসব ঘটনা দেশের দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিফলন। রাজনৈতিক দলগুলোর নিজেদের ছাত্রসংগঠনের ওপর নিয়ন্ত্রণ আরও কার্যকর হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি করায় স্থানীয় বিএনপির বয়কট প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, জনগণের ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এ বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

