গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ মানা বাধ্যতামূলক।
বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই দুই নীতির প্রতি সামান্য অবহেলা হলে কোনো বাহিনীই সুশৃঙ্খল বাহিনী হিসেবে কার্যকরভাবে পরিচালিত হতে পারে না।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাহিনীর ভেতরে শৃঙ্খলার ঘাটতি দেখা দিলে জনগণের আস্থা কমে যায়, যা রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ।
তিনি মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর ভূমিকার কথা স্মরণ করে বলেন, স্বাধীনতা যুদ্ধে প্রায় ৪০ হাজার রাইফেল নিয়ে আনসার সদস্যরা অংশ নিয়েছিলেন এবং ৬৭০ জন শহীদ হন। তিনি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছিল। সে সময় গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) ও আনসার বাহিনী একীভূত করে শক্তিশালী কাঠামো গড়ে তোলা হয়।
তিনি বলেন, ১৯৯৫ সালে আনসার-ভিডিপি আইন প্রণয়নের মাধ্যমে এ বাহিনীকে স্বতন্ত্র শৃঙ্খলা বাহিনীর মর্যাদা দেওয়া হয়, যা এর প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আনসার ও ভিডিপি বিভিন্ন সময়ে দেশের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, থানা পাহারা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতায়ও তারা অবদান রেখে চলেছে।
তিনি বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল করতে সুনির্দিষ্ট ভিশন ও পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

