ভারতের তামিলনাড়ু রাজনীতির অন্যতম আলোচিত মুখ কে আন্নামালাই আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিনের জল্পনা-কল্পনার পর দলটির কেন্দ্রীয় নেতৃত্ব তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।
দলের এক বিবৃতিতে জানানো হয়, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন আন্নামালাইয়ের প্রাথমিক সদস্যপদ থেকে দেওয়া পদত্যাগপত্র অনুমোদন করেছেন।
জানা গেছে, পদত্যাগের আগে তিনি দিল্লিতে গিয়ে দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় অমিত শাহ এবং বি এল সন্তোষ–এর সঙ্গেও তার আলোচনা হয়। তবে শেষ পর্যন্ত মতপার্থক্যের অবসান হয়নি।
পদত্যাগপত্রে আন্নামালাই উল্লেখ করেন, তামিলনাড়ুর ভাষা, সংস্কৃতি ও রাজনীতিকে ঘিরে তার দৃষ্টিভঙ্গির সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থানের পার্থক্য ছিল। গত দেড় বছর ধরে তিনি বিষয়টি নিয়ে নেতৃত্বকে অবহিত করলেও কোনো সমাধান হয়নি।
তিনি নতুন একটি রাজনৈতিক আন্দোলন গঠনেরও ঘোষণা দিয়েছেন এবং জানিয়েছেন, তার দল আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেবে।
সাবেক আইপিএস কর্মকর্তা আন্নামালাই ২০২০ সালে রাজনীতিতে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যেই তামিলনাড়ু বিজেপির নেতৃত্বে আসেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে এআইএডিএমকে–র সঙ্গে জোট প্রশ্নে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব আরও বেড়ে যায়।
তার এই পদত্যাগ তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

