দেশের কফি প্রক্রিয়াজাত শিল্পকে এগিয়ে নিতে কাঁচামাল আমদানির ওপর থাকা ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাব অনুযায়ী, এই শুল্ক প্রত্যাহার কার্যকর হলে কফি প্রক্রিয়াজাত খাতে উৎপাদন ব্যয় কমবে এবং দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।
অর্থমন্ত্রী জানান, সম্ভাবনাময় কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্পগুলোর মধ্যে কফি খাতও দ্রুত বিকাশের সুযোগ তৈরি করছে। তাই এ খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, শুল্ক প্রত্যাহারের ফলে কফি প্রক্রিয়াজাতকরণ শিল্পে নতুন উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে। একই সঙ্গে দেশীয় বাজারে নতুন ব্র্যান্ডের প্রসার এবং রপ্তানির সম্ভাবনাও তৈরি হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপ ভ্যালু-অ্যাডেড কৃষিভিত্তিক শিল্পকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

