বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে যাওয়ার সময় পাঁচটি মোটিফের মধ্যে চারটিই আটকে পড়ে, এর মধ্যে একটি মোটিফের অংশ ভেঙে যায়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীও উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি চারুকলা অনুষদের উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগ থানা মোড় ঘুরে আসার পথে মেট্রোরেল স্টেশনের নিচে পৌঁছালে উচ্চতার কারণে বিপত্তি ঘটে। মোরগ, শান্তির পায়রা, বেহালা ও টেপা ঘোড়ার মোটিফগুলো সেখানে আটকে যায়।
এর মধ্যে মোরগ মোটিফের উপরের অংশ ভেঙে যায়। পরে অংশগ্রহণকারীরা পরিস্থিতি সামাল দিয়ে কিছু মোটিফ রাস্তার ঢালু পাশ দিয়ে পার করাতে সক্ষম হন। তবে টেপা ঘোড়ার মোটিফটি আর পার করা সম্ভব হয়নি, সেটিকে সেখান থেকেই ফিরিয়ে নিতে হয়।
যদিও এ ঘটনায় কিছুটা বিঘ্ন ঘটে, পরে শোভাযাত্রা স্বাভাবিকভাবেই এগিয়ে যায়। এ বছরের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’, যা ঘিরে ছিল ব্যাপক জনসম্পৃক্ততা ও উৎসবমুখর পরিবেশ।

