চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী সবাই একই পরিবারের অংশ। তাই দলে বিভেদ সৃষ্টির যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (৫ জুন) রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের ঢেমিরছড়া এলাকায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুম্মাম কাদের চৌধুরী বলেন, বিএনপির ভেতরে ঐক্য অটুট রাখতে হবে এবং সবাইকে একসঙ্গে মানুষের কল্যাণে কাজ করতে হবে। তার মতে, সংগঠনের মধ্যে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই।
অনুষ্ঠানে তিনি আরও অভিযোগ করেন, কিছু ব্যক্তি নেতৃত্বের আড়ালে থেকে চাঁদাবাজি, অবৈধ বালু ব্যবসা ও বিভিন্ন অনিয়মে জড়িত। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

