হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং সামুদ্রিক নৌচলাচল ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) এক বিবৃতিতে কুয়েত জানায়, হামলায় একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। কুয়েত সংযুক্ত আরব আমিরাতের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
কুয়েতের মতে, চলমান উত্তেজনা নিরসনে সংযম ও কূটনৈতিক উদ্যোগই একমাত্র কার্যকর পথ।

