ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে সরকার তাকে স্বাগত জানাবে এবং আইনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকার শুরু থেকেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধও জানানো হয়েছে। তাই তিনি যদি দেশে ফিরে আসেন, সরকার সেটিকে ইতিবাচকভাবেই দেখবে।
তিনি বলেন, সরকারের উদ্দেশ্য প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করা। শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচার আদালতেই হবে এবং তিনি আইন অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ পাবেন।
তথ্য উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) আইনকে আরও আধুনিক ও স্বচ্ছ করা হয়েছে। অভিযুক্ত চাইলে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগও রয়েছে। বিচারপ্রক্রিয়ায় পর্যবেক্ষক রাখা, ভিডিও ধারণসহ স্বচ্ছতা নিশ্চিতের বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যদি আদালতে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন, তাহলে আদালত আইন অনুযায়ী রায় দেবেন। আবার অভিযোগ প্রমাণিত হলে আদালত সেই অনুযায়ী শাস্তির আদেশ দেবেন। সরকারের অবস্থান হলো—পুরো প্রক্রিয়া যেন আইনের শাসন ও ন্যায়বিচারের ভিত্তিতে সম্পন্ন হয়।
ভারতের কাছ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনো ধরনের ভূরাজনৈতিক জটিলতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়টিকে তিনি বড় কোনো কূটনৈতিক সংকট হিসেবে দেখেন না। দুই দেশের মধ্যে বিদ্যমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি নিষ্পত্তি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

