মোঃ তামজিদ হোসেন রুবেল, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্যপণ্য তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫০ কার্টন সন্দেহভাজন ভেজাল ঘি উদ্ধার করা হয়েছে। জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিক শিল্পনগরী এলাকার আবু তাহের ছানা ফ্যাক্টরি ও মেসার্স তাহেরা ছানা ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ে নানা অভিযোগের তথ্য পাওয়া যাচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে প্রায় ৫০ কার্টন সন্দেহভাজন ভেজাল ঘি উদ্ধার করা হয়। এ ঘটনায় কারখানার মালিক আব্দুল মান্নান এবং তার ভাই জিল্লার রহমানকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
আটক দুজনই লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর রুহিতা গ্রামের বাসিন্দা।
তবে উদ্ধার করা পণ্যগুলোতে কী ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে এবং সেগুলো মানবদেহের জন্য কতটা ক্ষতিকর—তা পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে কারখানাটিতে ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
অভিযানে জেলা গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টরা বলছেন, খাদ্যপণ্যে ভেজাল মিশিয়ে মানুষের জীবন ও স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

