ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর–এর কাংপোকপি জেলায় এক ভয়াবহ হামলায় অন্তত তিনজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং সাতটি বসতঘর আগুনে পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার ভোরে জেলার লোইবল খুলেন গ্রামে এই হামলার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় কুকি সম্প্রদায়ের সংগঠন কুকি ইনপি মণিপুর। সংগঠনটির দাবি, ভোররাতে সশস্ত্র একটি দল গ্রামে প্রবেশ করে এ হামলা চালায়।
অন্যদিকে কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হামলায় এক দম্পতিসহ তিনজন প্রাণ হারান এবং একাধিক বাড়িঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
অভিযোগে বলা হচ্ছে, সশস্ত্র গোষ্ঠী এনএসসিএন-আইএম–এর সদস্যরা এ হামলায় জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত কোনো মন্তব্য দেয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে মণিপুরে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত শুরু হওয়ার পর থেকে রাজ্যটিতে ধারাবাহিকভাবে সহিংসতা ও উত্তেজনা অব্যাহত রয়েছে। সেই সংঘাতে এখন পর্যন্ত শত শত মানুষের মৃত্যু এবং হাজার হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ার তথ্য পাওয়া গেছে।

