সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষায়িত বাহিনী র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস দমন,মাদক উদ্ধার,হত্যা মামলার আসামি গ্রেফতারসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
সম্প্রতি মৌলভীবাজার জেলায় এক কিশোরী ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯। জানা যায়,সদর উপজেলার মির্জাপুর এলাকার বাসিন্দা ভিকটিমের সঙ্গে পাশের বাড়ির রাহিম মিয়ার পূর্ব পরিচয় ছিল এবং একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
গত ২ মার্চ ২০২৬ ভোরে অভিযুক্ত রাহিম মিয়া ভিকটিমের ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের ভাই ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দিয়ে অভিযুক্তের পরিবার তাকে নিয়ে গেলেও বিষয়টি আর সমাধান হয়নি। পরবর্তীতে ভিকটিমের পরিবার সদর মডেল থানায় মামলা দায়ের করে।
মামলার পর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই অংশ হিসেবে ২০ এপ্রিল ২০২৬ সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি রাহিম মিয়া (২৩)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

