মোঃতাইজুল ইসলাম,শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের কক্ষ থেকে হাছিনা খানম (৩৪) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার রায়েন্দা পাঁচরাস্তা এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতালের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাছিনা খানম শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের বাসিন্দা ও জসিম হাওলাদারের স্ত্রী। তিনি রায়েন্দা পাঁচরাস্তা এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাসপাতালের একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন হাছিনা খানম। দীর্ঘ সময় ধরে সহকর্মীরা তাকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে সন্দেহ হলে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা দাস জানান, হাসপাতালে আনার আগেই হাছিনা খানমের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

