শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
কানাডার ভুয়া ভিসা ও চাকরির প্রলোভন দেখিয়ে ১০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে একটি ভিসা প্রতারক চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
নীলফামারী জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জুলাই প্রতারণার শিকার মো. মিজানুর রহমান (৩১) পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কানাডায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি চক্র তার কাছ থেকে ভুয়া কানাডিয়ান ভিসার আশ্বাস দিয়ে বিকাশ ও ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।
অভিযোগের পর নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিষয়টির তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ডিবির অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমানের নেতৃত্বে একটি দল কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ দুরাকুটি (বাহাগিলী) এলাকায় অভিযান চালায়।
অভিযানে ভিসা প্রতারক চক্রের দুই সদস্য আব্দুল জলিল মিয়া (৩৯) ও সালমান (২৮)-কে গ্রেফতার করা হয়। তারা দুইজন সহোদর ভাই। উভয়ের পিতা মো. সাহাবুদ্দিন ও মাতা মোছা. জোলেখা বেগম।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন যে, তারা সংঘবদ্ধভাবে কানাডায় চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসার আশ্বাস দিয়ে অনলাইনে বিকাশ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে অভিযোগকারীর কাছ থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। কিশোরগঞ্জ থানার মামলা নং-১৪। পরে গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

