আসন্ন ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণপত্র ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। পরে সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির সঙ্গে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত ফোনালাপের বিষয়ে সরকারের হাতে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে এ বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় তদন্ত করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সব ধরনের বিরোধ ও উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। ভারতের সঙ্গে চলমান বিভিন্ন ইস্যুও আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত বলে মনে করে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক সবসময়ই ইতিবাচক রয়েছে এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
বিভিন্ন দেশের ভিসা জটিলতা প্রসঙ্গে তিনি জানান, সমস্যা সমাধানে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং ভিসা-সংক্রান্ত বাধাগুলো দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

