মোঃ শরিফ বিল্লাহ, ডোমার (নীলফামারী), প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে নেশাগ্রস্ত ছেলেকে আইনের আওতায় এনে সংশোধনের আশায় নিজেরাই থানার দ্বারস্থ হয়েছেন এক অসহায় বাবা-মা। ঘটনাটি জানিয়েছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ , যিনি সোমবার (১৩ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরেন।
ওসির দেওয়া তথ্য অনুযায়ী, এক দম্পতি তাদের নেশাগ্রস্ত ছেলেকে নিয়ে থানায় এসে বারবার অনুরোধ জানান, যাতে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ওই যুবককে সাত মাসের কারাদণ্ড দেওয়া হয়।
পোস্টে ওসি হাবিবুল্লাহ উল্লেখ করেন, সন্তানকে জেলে পাঠানোর মতো কঠিন সিদ্ধান্ত কোনো বাবা-মায়ের জন্য সহজ নয়। তিনি জানান, নেশার কারণে ওই যুবকের আচরণে পরিবার চরম অসহায় হয়ে পড়েছিল।
ঘটনার প্রেক্ষাপটে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানের সঠিক লালন-পালন, নৈতিক শিক্ষা, শাসন, ভালো সঙ্গ নিশ্চিত করা এবং পারিবারিক বন্ধন দৃঢ় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি মাদকের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই এটিকে মাদকের বিরুদ্ধে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।
উল্লেখ্য, এ প্রতিবেদনটি ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

