কানাডার বৃহত্তম লাতিন সাংস্কৃতিক উৎসব ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’-এ বন্দুকধারীদের গুলিবর্ষণে দুইজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় টরন্টোর সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউ ওয়েস্ট এবং আরলিংটন অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে টরন্টো পুলিশ ঘটনাটিকে ‘অ্যাকটিভ শুটার’ পরিস্থিতি হিসেবে ঘোষণা করে এবং আশপাশের মানুষকে এলাকা এড়িয়ে চলার আহ্বান জানায়। তবে পরে পুলিশের ডেপুটি চিফ ফ্র্যাঙ্ক বারেডো জানান, এটি কোনো একক বন্দুকধারীর নির্বিচার হামলা ছিল না। বরং দুই ব্যক্তির মধ্যে পাল্টাপাল্টি গুলিবিনিময়ের ঘটনা।
ঘটনার সময় উৎসবস্থলে প্রায় ১৩ হাজার মানুষ উপস্থিত ছিলেন। গুলির শব্দ শোনামাত্র দর্শনার্থীরা আতঙ্কে দৌড়াতে শুরু করেন। অনেকে আশপাশের দোকান, রেস্তোরাঁ ও ভবনের ভেতরে আশ্রয় নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক সেকেন্ডের মধ্যেই আনন্দমুখর পরিবেশ আতঙ্ক ও বিশৃঙ্খলায় পরিণত হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের এখনো গ্রেপ্তার করা যায়নি। তদন্তকারীরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের ভিডিও সংগ্রহ করছেন। যারা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন, তাদের তথ্য দিতে আহ্বান জানানো হয়েছে।
নিহত দুইজনই প্রাপ্তবয়স্ক পুরুষ বলে নিশ্চিত করেছে পুলিশ। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ তাদের পরিচয় প্রকাশ না করলেও জানিয়েছে, কারও কারও অবস্থা গুরুতর।
ঘটনার পর টরন্টোর মেয়র অলিভিয়া চাউ এই হামলাকে “জঘন্য সহিংসতা” বলে আখ্যায়িত করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডও দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিবছর অনুষ্ঠিত ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ উৎসবটি কানাডার সবচেয়ে বড় লাতিন স্ট্রিট ফেস্টিভ্যাল হিসেবে পরিচিত। সংগীত, নৃত্য, খাবার ও সাংস্কৃতিক পরিবেশনার জন্য দুই দিনব্যাপী এই আয়োজন হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে। এমন একটি উৎসবে প্রাণঘাতী গুলির ঘটনা দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

