বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা তাদের পক্ষে তদবিরকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি দলের নেতাকর্মী কেউ এ ধরনের তদবির করলে তাকেও আইনের আওতায় আনা হবে।
বুধবার (৮ জুলাই) নরসিংদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে মাদক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি জানান, এলাকায় সক্রিয় মাদক কারবারি ও মাদকসেবীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মী যদি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে দ্বিগুণ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলীয় পরিচয় কোনোভাবেই অপরাধের ঢাল হতে পারবে না।
খোকন বলেন, “মাদকের পক্ষে কেউ সুপারিশ বা তদবির করলে তাকেও গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে রয়েছি।”
তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের সহযোগিতায় মাদক নির্মূলে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুনসহ জেলা বিএনপি, ছাত্রদল, শ্রমিক দল এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

